নিজস্ব প্রতিবেদক:+
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে শাহআলম হাওলাদারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে
।
আহতরা হলেন শাহআলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম (৫০), মেয়ে ইতি আক্তার (২২) এবং নাতি ফাহিম হাওলাদার (১৪)। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে বাড়ির পাশ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পরিবারের সদস্যদের দাবি, বাড়ির পাশে রাখা কয়েকটি বালুভর্তি বস্তার মধ্যে থাকা একটি বস্তায় বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হয়ে আহতরা প্রাণ বাঁচাতে পাশের নদীতে ঝাঁপ দেন। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কীভাবে ওই বিস্ফোরক সেখানে এলো, সে বিষয়ে পরিবার কিছুই জানাতে পারেনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের উৎস, ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং দায়ীদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
দেশ বাংলা টিভি ডেক্স